বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধারসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) কাজী ফেরদাউসের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে জামাল মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষ থেকে মো. রাশেদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকার মৃত কুদ্দুসের ছেলে।
পুলিশের দাবি, গ্রেপ্তার রাশেদের দখল থেকে বিভিন্ন আকৃতির মোট ১৬টি দেশীয় অস্ত্র, যার মধ্যে ছুরি ও চাপাতি রয়েছে, উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে এসব অস্ত্র জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির অপরাধসংক্রান্ত তথ্য (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছিনতাই, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত কমেন্টস করুন