রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ভোরের আলো ফুটতেই নগরীর রাজপথে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা গণপরিবহনের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া মানুষ কতটা নিরাপদ—সেই প্রশ্ন আবারও সামনে এসেছে। এবার ছিনতাইয়ের শিকার হয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক আরিফ আলম দিপু এবং তাঁর বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে।
রোববার (১৮ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় আসনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। মেয়েকে ব্র্যাক ইউনিভার্সিটির বাসে তুলে দিতে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা তাঁর মেয়ের কানের দুলও নিয়ে যায়।
ঘটনার পর নিজের অভিজ্ঞতা তুলে ধরে আরিফ আলম দিপু জানান, ছিনতাইকারীরা তিনজন মোটরসাইকেল আরোহী ছিল। তারা তাঁর কাছ থেকে টাকা, মোবাইল ও মেয়ের কানের দুল ছিনিয়ে নেয়। নিজের মোবাইল ফোনটি সঙ্গে না থাকায় সেটি হারানো থেকে রক্ষা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, এ যেন নগরীর প্রতিদিনের চিত্র।
এই ঘটনা শুধু একজন সাংবাদিকের পরিবারের সাথের ঘটনা নয়; বরং ভোরে চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং ভোরে যাতায়াত করা যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আপনার মতামত কমেন্টস করুন